বগুড়ায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৩ জুন ২০১৫, ১৪:৪৪
 
বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় বাঘোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-পিকআপ চালক আসাদুজ্জামান (২৫) ও বাবুর্চি রাহেলা বেগম (৩০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারীর ডোমার থেকে বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি বিপরীতমুখী পিকআপের সামনের ডানপাশে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি হোটেলে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় পিক-আপ চালক আসাদুজ্জামান ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও হোটেলে ট্রাক ঢুকে পড়ায় সেখানে অবস্থানরত বাবুর্চি রাহেলা ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।
 
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিহত পিকআপ চালক আসাদুজ্জামান জয়পুরহাট জেলার বাসিন্দা এবং রাহেলা বেগম বগুড়া সদরের মহিষবাথান গ্রামের জনাব আলীর স্ত্রী। ট্রাক ও পিকআপটি আটক করা হয়েছে।