রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত মুখখোলা পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা সিটি করপোরেশন উত্তর এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিচারপতি সারা মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
ফায়ার সার্ভিসের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে অ্যাডভোকেট শহিদ আহমেদ অগ্রগতি প্রতিবেদন জমা দেন।
আদালতের রুলে জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের অগ্রগতি প্রতিবেদনে তাদের সার্বিক লোকবল, প্রশিক্ষণ, আন্তর্জাতিক প্রশিক্ষণে কী ধরনের পারদর্শিতাসহ আধুনিক কি কি যন্ত্রপাতি কেনা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এবং ওইদিন আদালত এ বিষয়ে আদেশ দেবেন মর্মে দিনও ধার্য হয়েছে।
জিহাদের মৃত্যুর পরপরই ওই ঘটনায় একটি রিট আবেদন করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ ফেব্রুয়ারি রুল জারি করেন। রুলে জিহাদের পাইপে পড়ে মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় এবং জিহাদকে উদ্ধার করতে না পারায় ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্তৃপক্ষ এবং ঢাকা সিটি করপোরেশনের দায়িত্বকে কেন ‘নিষ্ক্রিয়তা’ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।
