মিয়ানমারে আটক সেনা সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৫৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি। রবিবার দুপুরে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ পয়েন্ট দিয়ে তাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ বলেন, নাইক্ষ্যংছড়ির ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের সেনা সদস্য অং বো বো থ কে আটক করা হয়। আটকের সময় তার পরনে মিয়ানমার সেনা বাহিনীর পোশাক ছিল বলে জানান। জিজ্ঞাসাবাদে ওই সেনা সদস্য জানিয়েছেন তিনি মিয়ানমার সেনা বাহিনীর এলআইবি— ২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০ নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।  

লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ আরো জানান, রবিবার বিজিবি ও বিজিপির বৈঠকে ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১১ ব্যাটালিয়নের লেঃ কর্নেল আসাদুজ্জামান। মিয়ানমারের বিজিপির ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ১ নং সেক্টরের ব্রিগেডিয়ার জেনারেল মিং তং। বৈঠকে দুই দেশের সৌহর্দপূর্ণ আলোচনা হয়েছে।