স্যাটেলাইট টিভি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি কিংবা এনিম্যাল প্ল্যানেট যারা দেখে থাকেন তাদের কাছে পানির ধারে যাওয়া বিশাল বিশাল প্রাণীদের উপর কুমিরের হামলে পড়ার এবং কুটি কুটি করে টেনে ছিড়ে খাবার দৃশ্য অতি পরিচিত। এই ‘বীরত্ব’ দেখে অনেকের ধারণা, কুমিরকে বোধহয় সব প্রাণী সমীহ করে চলে। প্রাণের ভয়ে তাদের এড়িয়ে চলে।
কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্কের একটি জলাশয়ে দেখা গেল উল্টো ঘটনা। ইয়া বড় এক কুমির বাঁচার জন্য ছটফট করছে এক জলহস্তির মুখের ভেতর! কুমির বেচারা জানের মায়ায় যতই ছটফট করছে জলহস্তিটি তাকে তত জোরেই কামড়ে ধরছে। কেইন হেলি নামের একজন ফটোগ্রাফার এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান। তিনি এই বিরল দৃশ্যটি তার ক্যামেরায় ধারণ করেন।
কুমিরটির যখন প্রাণ যায় যায় অবস্থা তখন একে ছেড়ে দেয় জলহস্তিটি। পরক্ষণে হেলি বুঝতে পারেন কেন কুমির এই জলহস্তির দ্বারা নিজেই হামলার শিকার হলো। আসলে কিছু দূরে জলহস্তিটির ছোট্ট একটা বাচ্চা বিশ্রাম নিচ্ছিল। কুমিরটিও শিকার মনে করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এই ‘বেয়াদবি’ ভালোভাবে নিতে পারেনি মা জলহস্তিটি। চোখের পলকে ছুটে এসে শিকারী কুমিরকে শিকার ধরার নেশা ছুটিয়ে দিল। -মেইল অনলাইন
