গৌরীপুর বাজারের পাশে অগ্নিকাণ্ড, আহত ৭

আপডেট : ২৩ জুন ২০১৫, ২১:৩৪
জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের দক্ষিণ পার্শ্বে পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৩ গৌরীপুর অফিসের পাশে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায়  সাতজন আহত হয়েছেন। এ সময় রাস্তার পাশে থাকা তিনটি দোকান পুড়ে গেছে এবং একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও নিরূপন করা যায়নি।
 
তাৎক্ষণিকভাবে দাউদকান্দি সদরের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে গৌরীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৩ এর সাব স্টেশনটি অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান মোল্লা এবং দাউদকান্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।