আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ড. মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) দাখিল করা সম্পদের তথ্য বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশনরে বৈঠকে দুদকের সিনিয়র উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে তার সম্পদ বিবরনী যাচাইয়ের এ দায়িত্ব দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, দুদকের নোটিসের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৭ জুন যাবতীয় সম্পদের হিসাব কমিশনে দাখিল করেন মুসা বিন শমসের। সম্পদ বিবরণীতে প্রিন্স মুসা সুইচ ব্যাংকে থাকা ১২ বিলিয়ন ডলারের তথ্য দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসেবে)। এ ছাড়া, মালয়েশিয়ার একটি ব্যাংকে কয়ে শ রিংগিতের হিসাবও দিয়েছেন তিনি।
স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর গুলশানের ৮৪ নম্বর রোডে ‘দ্য প্যালেস’ নামের ১৫ নম্বর বাড়ি করেছেন তিনি, যা তার স্ত্রীর নামে দেয়া। আর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাজিকান্দায় পৈত্রিক সম্পত্তি ভিটা-বাড়ি রয়েছে তার। এ ছাড়া, গাজীপুর ও সাভারে বিভিন্ন দাগে প্রায় ১২ শ বিঘা সম্পত্তির হিসাব দুদককে দিয়েছেন মুসা। তবে এ সম্পত্তি বর্তমানে তার দখলে নেই। তার বিবরণীর এই সম্পদের পরিমান দ্রুত যাচাই-বাছাইয়ের জন্য কমিশন কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
