চারদিনের সফরে রংপুরে এরশাদ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৫৬

চারদিনের ব্যক্তিগত সফরে গতকাল রবিবার দুপুরে রংপুর এসেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। দুপুর ১২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসে এসে পৌঁছান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সমপাদক এইচ এম ইয়াসির আহম্মেদ ও জেলা জাপার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জাহাঙ্গীর, আবদুর রাজ্জাক প্রমুখ।

দুপুর সোয়া ১২টায় তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসের উদ্দেশে রওয়ানা হলে তাকে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নিয়ে যায় শহরের জাহাজ কোম্পানি মোড়ে। পরে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে দর্শনাস্থ পল্লী নিবাসে যান তিনি। দুপুর দেড়টার দিকে এরশাদ গ্র্যান্ড প্যালেসে আসেন। এসময় তিনি হুইল চেয়ারে ছিলেন। সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে তার কক্ষে চলে যান।

আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার বিকাল ৪টায় তিনি রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে রাজধানীর উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানান এরশাদের সফরসঙ্গী জাপার মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয় এবং এরশাদের ছেলে এরিক এরশাদ।