পুরান ঢাকার কেমিক্যাল গুদাম উচ্ছেদ কার্যক্রম থেকে সরকার সরবে না —স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৫৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম উচ্ছেদ কার্যক্রম থেকে সরকার সরে আসবে না। এ ব্যাপারে একটি নীতিমালা করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। এরইমধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে।

গতকাল রবিবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণহত্যা দিবসের রাতে সারাদেশে এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। উচ্ছেদের ব্যাপারে সরকার দমে যাচ্ছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে এত মানুষ হতাহত হচ্ছে, সেখানে জনস্বার্থে দমে যাওয়ার প্রশ্নই আসে না। এখানে মেয়র একটি সিদ্ধান্ত দেবেন, তিনি তার নগরে কোথায় কোনটা রাখবেন। জাতীয়ভাবেও আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নিমতলীর ঘটনার পরই আমরা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম পুরনো ঢাকায় এসব কেমিক্যাল ফ্যাক্টরি যাতে না থাকে। এ ধরনের দাহ্য পদার্থের গুদামগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে কয়েক বছর তারা এটা মেনেছিলেন, এখন দেখেছি তারা আবার এই কর্মটি করেছেন। যার খেসারত আমাদের দিতে হলো। তিনি বলেন, যারা যারা বাধা দিয়েছেন তাদের ভুল ভাঙবে, তারা নিজেরাই সহায়তা করবেন সরিয়ে নেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদন প্রায় হয়ে গেছে। আমরা স্বল্প সময়ের মধ্যে এটা দেব।

সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত আমরা সারাদেশে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করব। এই ব্ল্যাক আউটের সময় যানবাহন ও কেপিআইগুলো (গুরুত্বপূর্ণ স্থাপনা) আওতার বাইরে থাকবে। ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় তোরণ নির্মাণ সীমিত রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।