ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো বলেছেন, তিনি শিগগিরই দেশে ফিরে আসছেন। আগামী সপ্তাহে তিনি প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভেরও ঘোষণা দিয়েছেন। তবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তারের আশংকা করা হচ্ছে। এদিকে রাশিয়া জানিয়েছে, তারা ভেনিজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি। খবর রয়টার্স ও আল জাজিরা’র
শনিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গুয়াইদো বলেন, ভেনিজুয়েলাবাসীর জন্য পরবর্তী খবর হচ্ছে, আমি ইকুয়েডর থেকে দেশে ফিরছি। তবে কখন তিনি দেশে ফিরছেন তা জানাননি। ইকুয়েডরের সরকারের কর্মসূচি অনুযায়ী স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৯টায় তার ইকুয়েডর ত্যাগ করার কথা। আগামী সপ্তাহে মাদুরোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভেরও ঘোষণা দিয়েছেন গুয়াইদো। ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সপ্তাহে ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশে সফরে যান গুয়াইদো। তিনি কলম্বিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা সফর করেছেন।
আলোচনায় রাজি রাশিয়া
শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আলাপে মূল ইস্যু ছিল ভেনিজুয়েলা। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ভেনিজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। তবে মস্কো জাতিসংঘ সনদ মেনে চলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। ভেনিজুয়েলার নাগরিকদেরই সিদ্ধান্ত নিতে তাদের ভবিষ্যত নির্ধারণের।
