পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৭:০৯
 
পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ৩২ পয়েন্ট। একই সঙ্গে লেনদেন নেমে এসেছে চার শ কোটি টাকার নিচে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের গতি একই রকম। 
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ডিএসইর সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে আসায় বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তাই বাজারে লেনদেনও কমে এসেছে। 
 
এ দিকে, যুক্তরাষ্ট্রের এফডিএ সার্টিফিকেট পাওয়ার খবরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লেনদেন বেড়েছে।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩২ কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৬ কমে ১ হাজার ৭১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৭০ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৩ কমে ১৩ হাজার ৭৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।