জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুর গ্রামে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় আরো দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। আটকৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আকতার হোসেন (৩৫) ও সালথা উপজেলার আরিফ মোল্যা (২৫)।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয় রাত সাড়ে ১১ টার দিকে। হাসপাতালে আসার পরেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বরগুনা জেলা সদরের পাতাকাঠা গ্রামের বাচ্চু হাওলাদার (২৮) এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের রেজাউল শেখ (৩০) ও একই গ্রামের মোশাররফ শেখ (৩৪)। ওই রাতেই পুলিশ নিহত তিনজনের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে কৈজুরী ইউনিয়নের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মালামাল লুটসহ বাড়ির নারীদের উপর পাশবিক নির্যাতনও করেছে। এ ঘটনার পর থেকেই ক্ষিপ্ত ছিল এলাকাবাসী। ক্ষোভ থেকেই বুধবার রাতে ডাকাতদের ধরে এলাকাবাসী গণপিটুনী দেয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোতয়ালী থানায় দুইটি মামলা হয়েছে। মামলা দুইটি পুলিশ তদন্ত করছে।
