টানা ছয় কর্মদিবস ধরে পুঁজিবাজারের সূচক কমেছে। কমেছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় দিনে সার্বিক মূল্য সূচক কমেছে ৭২ পয়েন্ট। লেনদেন নেমে এসেছে সাড়ে ৩০০ কোটি টাকারও নিচে।
বাজার বিশ্লেষকরা বলছেন—বিনিয়োগকারীদের মধ্যে তেমন কোনো আশার দিক নেই। তাই কোম্পানি-ভিত্তিক বিনিয়োগ করছেন। যেসব কোম্পানির শেয়ারদর তুলনামূলক কম সে কোম্পানির দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২ কমে ১ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ১৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৪ কমে ১৩ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।
