আগামী তিন বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের বিভিন্ন খাতে কর্মী চাহিদা পূরণে কয়েকটি ধাপে মোট ১৫ লাখ কর্মী বাংলাদেশ থেকে আনা হবে। আগামী মাসে ঢাকায় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছি।
তিনি বলেন, এসব কর্মী বিভিন্ন খাতে বিশেষ করে বনায়ন খাতে যুক্ত হবে। এছাড়া পেনিনসুলার মালয়েশিয়া, সাবাহ ও সারাওয়াকের শ্রম বাজারের চাহিদা পূরণ হবে। এক্ষেত্রে সব নতুন কর্মী নেয়া হবে। যারা মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করছেন তারা এক্ষেত্রে সুযোগ পাবেন না। এসব অবৈধ শ্রমিকদের ফেরত পাঠানো অব্যাহত থাকবে।
