নরসিংদীর মনোহরদীতে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত হয়েছেন। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে হেতেমদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মনোহরদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদ (৩০) ও আশরাফুল হক (২৮)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তানভীর আহমেদকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার ধোবাউড়া গ্রামের ইকবাল হোসেন (৩০) ও নরসিংদী সদর উপজেলার মাধবদীর শিবারকান্দি এলাকার সাইফুল ইসলাম (৩০)।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত চালাকচর ইউনিয়নের দুই গ্রামে ডাকাতি করতে যায়। এসময় নগদ টাকা ও মালামাল লুট করে তারা।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের ধাওয়া করে। পরে হেতেমদী এলাকায় পৌঁছালে দুই ডাকাতকে ধরার সময় মনোহরদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদ ও আশরাফুল হককে (২৮) ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ডাকাত দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
