নোয়াখালীতে কাভার্ড ভ্যানচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০১৫, ১৪:৪৩
নোয়াখালীর বেগমগেঞ্জ কাভার্ড ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, উপজেলার আপানিয়া এলাকায় বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রিফাত হোসেন (১০) বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনাইমুড়ি থেকে চৌমুহনীগামী একটি কাভার্ড ভ্যান আপানিয়া এলাকায় রিফাতকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
ওসি জানান, খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।