পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়েছে বুরুন্ডি বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। সরকারের দমন-পীড়নের আশঙ্কায় দূতাবাসের কাছে তারা আশ্রয় চেয়েছেন। খবর আল জাজিরার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে—দেশটির রাজধানী বুজুম্বুরায় মার্কিন দূতাবাসের সামনে স্থানীয় সময় বৃহস্পতিবার শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। চলমান বিক্ষোভের কারণে নির্বাচনের আগ মুহূর্তে বুধবার বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে সরকার। বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুররু করেন। কিন্তু বাড়ি ফেরার পথে সরকারের নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় তারা নিরাপত্তা চেয়ে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হতে শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ আফ্রিকার সংবাদ সংস্থা টাইমস লাইভকে এক শিক্ষার্থী বলেন, আমরা এখানে নিরাপত্তার জন্য জড়ো হয়েছি। কারণ, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে তাড়া করা হয়েছে।
বুরুন্ডিতে মার্কিন রাষ্ট্রদূত ডন লিবেরি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত্ করে জানিয়েছেন, তাদের আবেদনের ব্যাপারে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে আশ্রয়ের ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
এ দিকে, মার্কিন দূতাবাসের সামনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার বিষয়ে বুরুন্ডি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য জানা যায়নি।
