গাজীপুরে কালিয়াকৈরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে কাউসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতাবস্থায় তাদের আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শনিবার সকালে ছয় জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল পথচারীদের পথরোধ করে নগদ টাকা ছিনতাই করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কাউসার, মোফাজ্জল ও নাসির নামে তিন ছিনতাইকারীতে ধরে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। নিহত কাউসারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আটক মোফাজ্জলের বাড়ী কুড়িগ্রাম এবং নাসিরের বাড়ী কালিয়াকৈরের চিতলভিটি এলাকায় বলে জানা গেছে।
নিহত কাউসারের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
