টেকনাফে পাহাড় ধসে মা-মেয়ে নিহত

আপডেট : ২৭ জুন ২০১৫, ১৬:২৭


কক্সবাজারের টেকনাফে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের পুর্ব পুরানপাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- শামলাপুর কুনারপাড়া এলাকার আবুল মনজুরের স্ত্রী ছমুদা খাতুন (৪৮) ও তার মেয়ে শানেহা আকতার (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবল বৃষ্টিতে শামলাপুর এলাকায় পাহাড় ভেঙ্গে পড়ে। এতে পাহাড়ের নিচে বসবাসকারী আবুল মনজুরের বাড়িতে পাহাড়ের ভাঙ্গা অংশটি চাপা পড়ে। এ সময় বাড়িতে থাকা মা-মেয়ে ঘটনাস্থলে মারা যান। সে সময় বাড়িতে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় লোকজন মৃত দেহদুটি তাদের উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মো. রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঐ এলাকায় অন্য বসবাসকারীদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।