মুক্তাগাছায় খালে গোসল করতে গিয়ে মাদরাসা-ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৫, ১৭:৩০
জেলার মুক্তাগাছা উপজেলায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদরাসা ছাত্র রাকিবুল ইসলাম ফকিরের (১৪) লাশ ১২ঘণ্টা পর স্লুইজ গেইটের ভেতর থেকে উদ্ধার হয়েছে। রাকিবুল বাহেঙ্গা গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে বড়গ্রাম দাখিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার জুমার নামাজের আগে তিন কিশোর কাটাজানি খালে গোসল করতে যায়। সাঁতার কাটার জন্য তারা ওই খালের স্লুইজ গেটের উপর থেকে ঝাঁপ দেয়। এ সময় কোনাগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন(১৫), আক্তার আলীর ছেলে রিফাত(১৫) ও বাহেঙ্গা গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে রাকিবুল(১৪) স্রোতের টানে স্লুইচগেইটের ভেতরে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন সুমন ও রিফাতকে আহত অবস্থায় উদ্ধার করলেও রাকিবুলের কোন সন্ধান পায়নি তারা।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই খালে নির্মিত স্লুইজ গেটের ভিতর থেকে রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।