মহাদেবপুরে নির্যাতন চালিয়ে পুলিশের বিরুদ্ধে এক ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতনের শিকার বজলার রহমান। তিনি অভিযোগ করেন, গত ২১ জুন সন্ধ্যায় মহাদেবপুর মহিলা কলেজ এন্ড স্কুল পাড়াস্থ (হঠাত্ পাড়া) এলাকার আব্দুর রহমান ও তার প্রতিবেশী অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সুধীর চন্দ্র রায়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এ খবর পেয়ে মহাদেবপুর থানার এসআই রতন রায় ও এসআই ফহিম ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
বজলার রহমান বলেন, এই গালিগালাজের প্রতিবাদ করলে দুই পুলিশ ক্ষুব্ধ হয়ে মারপিট করতে করতে টেনে হিঁচড়ে তাকে থানায় নিয়ে যায়। সেখানে নির্যাতনের এক পর্যায়ে তার পা ভেঙে দেন। পরিবারের লোকজন খবর পেয়ে থানায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান ওই ব্যবসায়ীকে মারপিট করা হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, একটি সালিশের জন্য তাকে থানায় আনা হয়েছিল।
