সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার ভোররাত সোয়া ৩টার দিকে দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেন জেলার কালিগঞ্জ উপজেলার উজিরপুরের আব্দুল মজিদ সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই জাকারিয়ার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি টহল দল পূর্ব কুলিয়া খালপাড়ে অবস্থান নেন। এ সময় পুলিশ একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ১০/১২ মিনিট গোলাগুলির একপর্যায়ে ছিনতাইকারী দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় আটক হন । এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রামদা, ২টি লোহার রড, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও একটি ছিনতাইকৃত প্লাটিনাম ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে।
পরে আলমগীর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
