জেলার রামগড় উপজেলায় দুর্বৃত্তরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে। রবিবার সকালের উপজেলার পশুরাম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন চাকমা ওরফে বিশ্বাস মেম্বার (৫০) লক্ষ্মীছড়ি উপজেলার হাজাছড়া গ্রামের নামিয়া চাকমার ছেলে।
খাগড়াছড়ি ইউপিডিএফ প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার দাবি, রঞ্জন ইউপিডিএফের সক্রিয় কর্মী। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী।
তবে জনসংহতি সমিতির সহ-তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সঙ্গে তার দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
ঘটনাস্থলের পাশ্ববর্তী গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রঞ্জন চাকমা চা পান করতে পশুরাম ঘাট এলাকায় যান। এ সময় বুদ্ধধন কারবারী গ্রামে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল রামগড় থানার আওতায়। তাই রামগড় থানা পুলিশ এ ঘটনার তদন্ত করবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, লাশ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
