ভারতে গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত বিএসএফের

আপডেট : ২৯ জুন ২০১৫, ০০:০৯

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক সোহেল আহম্মেদের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রবিবার বিকাল ৫টায় ভোমরা সীমান্তের জিরো পয়েন্টের কাছে  অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের পর তার লাশ হস্তান্তর করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ি গ্রামের মৃত আবু সালেকের ছেলে।

 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বলেন, পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
 

প্রসঙ্গত গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল আহম্মেদ ওষুধ কেনার জন্য লক্ষ্মীদাড়ি সীমান্ত পেরিয়ে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় যায়। রাতে সে আর ফিরে আসেনি। পরদিন সকালে তার চাচা শহিদুল ইসলাম জানতে পারেন যে, ভারতের ঘোজাডাঙ্গা ব্রিজের কাছে আমতলা এলাকায় রাতে একটি বাড়িতে চুরির অভিযোগে স্থানীয় জনতা তাকে  আটক করে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করতে গেলে তারা তাকে নিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে সোহেল মারা যায়। খবর পেয়ে তার চাচা শহিদুল শুক্রবার বিকালে ভারতে গিয়ে সোহেলের লাশ শনাক্ত করে। বিএসএফ পরে লাশ বসিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।