মির্জা ফখরুল আজ মুক্তি পেতে পারেন

আপডেট : ২৯ জুন ২০১৫, ০২:১৩

সাড়ে ৫ মাস ধরে কারাগারে বন্দী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার সকালে মুক্তি পেতে পারেন। নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ গতকাল রবিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। এই আদেশের কপি ইতিমধ্যেই নিম্ন আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

 
নিম্ন আদালত থেকে এটি কারা কর্তৃপক্ষের হাতে যাওয়ার পরই কর্তৃপক্ষ যাচাই করে ফখরুলকে কারাগার থেকে ছেড়ে দেবেন বলে আশা করছেন তার আইনজীবীরা। ফখরুলকে গ্রেপ্তার দেখানো আরো তিনটি মামলায় তার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে না যাওয়ায় আজ সকালেই তার কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আরো জোরদার হয়েছে।
 

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ৭৯টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে গেল বছরের শেষের দিকে ও চলতি বছরে দায়ের করা হয় মোট ৭টি মামলা। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক হন মির্জা ফখরুল। এরপর গাড়ি ভাঙচুর, পোড়ানো ও নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।