বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
আজ সোমবার পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।
আজ ১১ মামলার মধ্যে একটি মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।
মামলাগুলো হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। গত ১৭ ফেব্রুয়ারি একই আদালত একই কারণে সময়ের আবেদন মঞ্জুর করে ৪ মার্চ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস মামলাগুলির ওপর শুনানি শেষে নতুন এ তারিখ ধার্য করেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।
১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলা ছিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য।
আরও পড়ুন: সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হলেন ওবায়দুল কাদের
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়।
ইত্তেফাক/কেকে
