কোকেন চোরাচালানের ঘটনায় আটক ১

আপডেট : ২৯ জুন ২০১৫, ২০:১২
 
চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান আটকের পর খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ম্যানেজার গোলাম মোস্তফা সোহেলকে আটক করেছে পুলিশ। তবে খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান ইত্তেফাককে জানান, প্রথম দিনে কমিটি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন জনের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেছে।
 
তিনি জানান, প্রাথমিকভাবে ৬০ কেজি কোকেনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী প্রতি কেজি কোকেনের মূল্য ৫০ কোটি টাকা। এই হিসাবে চট্টগ্রাম বন্দরে আটককৃত কোকেনের দাম প্রায় ৩ হাজার কোটি টাকা। সব নমুনা পরীক্ষা শেষ হলে কোকেনের পরিমাণ আরো বাড়তে পারে বলে তিনি জানান।
 
উল্লেখ্য, গত ৮ জুন চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে সূর্যমুখী তেল ঘোষণা দিয়ে আমদানি করা তরলের একটি কন্টেইনার আটক করা হয়। বলিভিয়া থেকে আমদানি করা এই কন্টেইনারটিতে ১০৭টি ড্রাম ছিল যার প্রতিটির ওজন ১৮৫ কেজি। এসব ড্রামে তরল কোকেন রয়েছে, পুলিশের দেয়া এমন তথ্যের ভিত্তিতে কন্টেইনারটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
আটক কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর প্রাথমিকভাবে সেখানে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলেও পরবর্তীতে উন্নত পরীক্ষার পর একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারি ম্যানেজার গোলাম মোস্তফা সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করা হয়।