জেলার টেকনাফ উপজেলায় ১৭ লাখ টাকা মূল্যের স্বর্ণ তৈরির উপকরণ-সরঞ্জামাদি ও মেশিনসহ এক কারিগরকে আটক করা হয়েছে। আটক মো. মজিবুর রহমান শাহপরীরদ্বীপ মাঝের ডেইল গ্রামের বাসিন্দা। এ সময় মালিককে আটক করা যায়নি।
রবিবার বিকালে শাহপরীরদ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবির) সদস্যরা অভিযান চালায়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির সদস্যরা ওই গ্রামের মুজিবুর রহমানের বাড়ি তল্লাশি চালিয়ে ১৭ লাখ ৮২ হাজার এক শ দশ টাকা মূল্যের স্বর্ণ তৈরির এসব জিনিস জব্দ করে। আটক মজিবুর স্বর্ণ তৈরির কারিগর হিসেবে কাজ করে আসছিল। জব্দকৃত মালামালগুলো হলো, স্বর্ণ বানানোর হ্যান্ড ব্লোয়ার মেশিন, স্বর্ণ বানানোর লোহার চুলা, গ্রানাইট পাথর, সামুদ্রিক বালি, সালফিউরিক এসিডসহ ১৬ প্রকার সরঞ্জামাদি।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা করে আটককৃতকে থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ মালমালগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
