থ্রিডি প্রিন্টারে তৈরি গাড়ি ‘ব্লেড’

আপডেট : ৩০ জুন ২০১৫, ০২:৩৩
থ্রিডি প্রিন্টিং বা ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তির এই যুগে এসে কত বিচিত্র ধরনের বস্তুই না তৈরি হয়ে যাচ্ছে ত্রিমাত্রিক প্রিন্টারে। এই তালিকায় এবারে যুক্ত হয়েছে আস্ত একটি গাড়ি। হ্যাঁ, ‘ব্লেড’ নামের যে গাড়িটি দেখা যাচ্ছে পাশের ছবিতে, সেই গাড়িটি পুরোটাই তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টার ব্যবহার করে। মার্কিন স্টার্ট-আপ ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিসের তৈরি এই গাড়ির ওজন প্রচলিত গাড়িগুলোর তুলনায় প্রায় ৯০ ভাগ কম। স্টিল বা অ্যালুমিনিয়ামের বদলে কার্বন ফাইবার ব্যবহার করায় এর ওজন দাঁড়িয়েছে ১৪০০ পাউন্ডের চাইতেও কম। আর এটি মাত্র ২.২ সেকেন্ডে ঘণ্টায় শুন্য মাইল থেকে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিবেগ অর্জন করতে সক্ষম। অল্পকিছুদিনের মধ্যেই একে বাণিজ্যিকভাবে বাজারে আনার কথা জানিয়েছেন ডাইভারজেন্টের সিইও কেভিন সিনজার।