নারায়ণগঞ্জে শিশু অপহরণের দায়ে নারী আটক

আপডেট : ৩০ জুন ২০১৫, ১৬:৫৬
জেলার ফতুল্লায় শিশু-অপহরণের দায়ে সম্পা রানী (৩০) নামে এক নারীকে  গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ছয় বছরের শিশু সুর্বণাকে উদ্ধার করে পুলিশ। সুবর্ণা ফতুল্লা রেলস্টেশন এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বিপুলের কন্যা। সে একটি স্কুলের ২য় শ্রেনীতে লেখাপড়া করে।
 
মঙ্গলবার সকালে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
 
শিশুটির পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় সম্পা নামের এক অপহরনকারী। পরে অপহৃত শিশুটিকে অচেতন অবস্থায় অপহরণকারী সম্পা ভুইগড় এলাকার একটি পুকুরের সামনে ফেলে চলে যায়। এ সময় শিশুটির কানে থাকা ছয় আনা স্বর্ণের দুল নিয়ে যায়। পরে ওই এলাকার এক নারী শিশুটিকে উদ্ধার করে নিজের জিম্মায় নিয়ে পুলিশে খবর দেয়। ওই নারীর তথ্য মোতাবেক সম্পা রানীকে ফতুল্লা রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।