জেলার কলারোয়া পৌর সভার মেয়র আকতারুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ার পর মেয়র আকতারুল ইসলাম দীর্ঘ তিন মাস ধরে পৌর সভা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এ কারণে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ হবার উপক্রম হয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জানানো হলে গত সোমবার পৌর আইন এবং পৌরসভার কার্য বিধিমালা-২০১২’র আওতায় মেয়র আকতারুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে কলারোয়া পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ক্ষমতা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ধর্ষিতা এক নারীকে দেখতে কলারোয়ায় আসেন। তিনি কলারোয়ায় পৌঁছালে তার গাড়ি বহরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সময়ের কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে বর্তমান কলারোয়া পৌর সভার মেয়র আক্তারুল ইসলামসহ ২৭ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
