জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার বাহেরচর গ্রামের ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে গত আড়াই মাস ধরে সীমান্তবর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমীরচর গ্রামের প্রভাবশালী একটি মহল জোরপূর্বক বালু উত্তোলনের প্রতিবাদ করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাহেরচর গ্রামের কয়েক শতাধিক কৃষক ও সাধারণ মানুষ লাঠিসোঁটা, টেঁটা নিয়ে ট্রলার নিয়ে চরে অবস্থান নিলে কদমীর চরের বালু উত্তোলনকারীরা ট্রলার থেকে উল্টো ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে উভয় পক্ষ ইট পাটকেল ও টেঁটা নিক্ষেপ করে। এসময় ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
উপজেলা সহকারী ভূমি কমিশনার মামুন সরদার জানান, ‘বাঞ্ছারামপুর সীমান্তের বাহেরচর এলাকার ফসলি জমি থেকে আড়াইহাজার উপজেলার কদমীর চরের লোকজন জোরপূর্বক বালু উত্তোলন করে ফসলি জমির ক্ষতি করছেন। এ ঘটনায় সংঘর্ষের খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেছি।’
বাঞ্ছারমাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান তালুকদার জানান, বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
