মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর এলাকায় নিয়ন্ত্রণহীন একটি যাত্রীবাহী বাসের চাপায় আজমত আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে অন্তত ৩৫ জন আহত হন।
বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজমত আলী আকুবপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে আল্লাহর দান নামের একটি লোকাল বাস কুষ্টিয়ায় যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়কের পাশের একটি পাকড় গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এ সময় গাছের ছায়ায় বসে থাকা কৃষক আজমত আলী বাসের চাকায় পিষ্ট হন। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠান। কুষ্টিয়ায় পৌঁছানোর আগেই আজমত আলীর মৃত্যু হয়।
গাংনী থানা ওসি আকরাম হোসেন জানান, বাসের চালক ও হেলপারকে আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
