পুঁজিবাজারে তালিকাভুক্ত আরগন ডেনিমসের মূলধন বাড়ানোর ক্ষেত্রে তিন বছরের নিষেধাজ্ঞা এক বছর কমিয়ে দুই বছর করা হয়েছে। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে—পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ প্রসপেক্টাস অনুযায়ী ব্যবহার না করায় গত বছরের ১৪ অক্টোবর আরগন ডেনিমসকে ৩০ লাখ টাকা জরিমানা ছাড়াও তিন বছরের জন্য মূলধন বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্যবসা সম্প্রসারণ ও আংশিক ঋণ পরিশোধের কথা বলে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করেছে আরগন ডেনিমস। কিন্তু এর বাইরে মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ব্রিজ ফিন্যান্সের (টাইম লোন) মাধ্যমে নেয়া ঋণের অতিরিক্ত অর্থ পরিশোধ এবং লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের কাছ থেকে নেয়া স্বল্পমেয়াদি ঋণের ৩ কোটি টাকা পরিশোধ করেছে। যা প্রসপেক্টাসে উল্লেখ ছিল না। এ ছাড়া, ব্যাংকিং চ্যানেলের বাইরে প্রায় ২৭ কোটি ৯৪ লাখ টাকা নগদে পরিশোধ করেছে। এ সব কারণে কোম্পানিটিকে জরিমানা করার পাশাপাশি মূলধন উত্তোলনে নিষেধাজ্ঞা দেয়া হয়।
