সরে দাঁড়ালেন বোল্ট

আপডেট : ০১ জুলাই ২০১৫, ১৯:৫৪
 
 অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্টের ঝামেলাপূর্ণ মৌসুম অব্যাহত আছে। কেননা পায়ের ইনজুরির কারণে তিনি প্যারিস ও লুজান ডায়মন্ড লিগ থেকে সরে  দাড়িয়েছেন।
 
বোল্ট এ প্রসঙ্গে নিজের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন,প্যারিস ও লুজানে দৌড়াতে না পেরে আমি সত্যি হতাশ। আমি এই আসরগুলোতে দৌড়াতে পছন্দ করি। কিন্তু এ মুহুর্তে আমি শতভাগ স্বুস্থ্যতা নিয়ে দৌড়াতে সক্ষম নই। যত দ্রুত সম্ভব আমি পুরোদমে অনুশীলনে ফেরার প্রত্যাশা করছি।
 
প্যারিসের আসরটি আগামি শনিবার অনুষ্ঠিত হবে। অপরদিকে লুজানের আসরটি হবে পরের বৃহস্পতিবার। উভয় আসরে বোল্টের ১০০ ও ২০০ মিটারের স্প্রিন্টে দৌড়ানোর কথা ছিল।
 
জ্যামাইকান বোল্ট এর আগে গত বৃহস্পতিবার নিজ দেশের বাছাই পর্বেও ১০০ মিটার থেকে সরে দাড়িয়েছিলেন।
 
এ ব্যাপারে তার ম্যানেজমেন্ট টিম জানায়, তিনি সর্বশেষ প্রতিযোগিতায় অংশ নেয়ার পর থেকেই তার বাম পায়ে অস্বস্তি বোধ করছিলেন। এ কারণে তার অনুশীলনও সীমিত হয়ে পড়েছিল।
 
বর্তমানে ২৮ বছর বয়সী বোল্ট এ মৌসুমে সব মিলিয়েই সমস্যায় আছেন। তার দৌড়ের গতিও ভাল নয়। ১০০ মিটারে ১০.১২ এবং ২০০ মিটারে ২০.১৩ সেকেন্ড হলো মৌসুমটিতে তার সেরা সময়। সঙ্গত কারণেই আগস্টে বেজিংয়ে অনুষ্ঠেয় অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য তাকে ওয়াইল্ড কার্ড নিতে হয়েছে।
 
উল্লেখ্য বোল্ট ২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার এবং ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েন। এছাড়াও ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে ১০০, ২০০ ও চার গুণীতক ১০০ মিটার রিলেতে সোনা জেতেন তিনি।