ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে অবশেষে চাকরিচ্যুত করেছে স্কুল ম্যানেজিং কমিটি।
বৃহস্পতিবার সকালে স্কুল ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়। এর আগে তাকে স্কুল ম্যানেজিং কমিটি প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সাময়িক বরখাস্ত করেছিল।
প্রধান শিক্ষকের স্থায়ীভাবে বরখাস্তের খবরে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে আনন্দ করেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম শফিকুর রহমান বলেন, চাকরিচ্যুত প্রধান শিক্ষক আলমগীর হোসেন গত ২ মে তারই সহকর্মী শিক্ষক দেব কুমার দাসের স্ত্রীর গোসলের নগ্ন দৃশ্য মোবাইলে ধারণ করে। সংবাদটি পরদিন জানাজানি হলে ৪ মে স্কুলের হাজারো ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মিলে তীব্র আন্দোলন করে তাকে অবরুদ্ধ করে রাখে। সেসময় প্রশাসনের হস্তক্ষেপে তাকে আটক করে এবং শিক্ষক দেব কুমার দাস তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরদিন দেশের গণমাধ্যমে ফলাও করে সংবাদ পরিবেশন করা হয়। অভিযুক্ত প্রধান শিক্ষক কারাবন্দী থাকার পর গত ৫ জুন জামিনে বের হয়ে আসেন। তার বিরুদ্ধে ৩ সদস্যর তদন্ত টিম করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত প্রধান শিক্ষকের ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সেদিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে উদ্ধার করি, তবে স্কুলের স্বার্থে ম্যানেজিং কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা স্কুলের ভালমন্দ বিবেচনা করেই নিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগড়। তিনি যদি অনৈতিক কর্মে লিপ্ত থাকেন তবে সেটা জাতির জন্য লজ্জাজনক। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এছাড়া আর কোন উপায় ছিলনা।
