বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো

বাংলাদেশ ফ্যাশন উইক

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৮:৫৫

সম্প্রতি অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০১৯’। ইউনিলিভার হেয়ার ব্র্যান্ড ট্রেসেমে এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) যৌথ উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনব্যাপী ফ্যাশন শো অনুষ্ঠিত হয় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন হলে। এ ফ্যাশন শোতে ১৯ বাংলাদেশি ও ১১ জন বিদেশি ডিজাইনার অংশ নিয়েছেন। এক ঝাঁক ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন বোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন ফ্যাশন কৌতূহলীদের উপস্থিতিতে প্রথম দিন অর্থাত্ শনিবার সন্ধ্যায় দেশি-বিদেশি মোট ১০ জন ডিজাইনার তাদের কালেকশন প্রদর্শন করেন। ডিজাইনাররা হলেন বাংলাদেশের হুমায়রা খান, লিপি খন্দকার, রিফাত রেজা, সারাহ করিম, সাদিয়া মিশু, ইজমাত নাজ, মুশাররাত রহমান, পশ্চিমবঙ্গের পারমিতা ব্যানার্জি, মালদ্বীপের আয়শাত সামলা ও নেপালের অণু শ্রেষ্ঠা। রবিবার দ্বিতীয় দিনের জন্য সফলভাবে কার্পেটে ওঠে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক-২০১৯-এর রকমারি ডিজাইন। ওই দিন সন্ধ্যায় রানওয়েতে দেখা যায় বাংলাদেশের আফসানা ফেরদৌসি, ফারাহ আনজুম বারি, শাহরুখ আমিন, ফাইজা রহমান, রুপো শামস, তাশফিয়া আহমেদ, শৈবাল সাহা, থাইল্যান্ডের সুকাজিত দায়েংচি, ভুটানের কেঞ্চ ওয়াংমো ও ভারতের শ্বাতী কালসির ডিজাইন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ডিজাইনে খুব বেশি বৈশ্বিক নতুনত্ব দেখা না গেলেও প্রায় সব ডিজাইনেই প্রধান ছিল পশ্চিমা প্যাটার্ন ধারা। ভালো মানের কিছু ডিজাইন দেখা যায় বরাবরের মতোই। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের  স্বাতী কালসির ডিজাইন। সোমবার মনোহর পরিবেশে এ বছরের মতো সমাপ্তি ঘটে বাংলাদেশ ফ্যাশন উইকের। শেষদিনে একই ভাবে দশজনের তালিকায় ছিলেন বাংলাদেশের মাহিন খান, এমদাদ হক, কুহু প্লামন্দোন, চন্দনা দেওয়ান, মারিয়া সুলতানা, রিফাত রহমান, শ্রীলঙ্কার কাঞ্চনা থালপাওইলা, পাকিস্তানের ফাইজা সামি, ভারতের কল্লোল দত্ত ও ইন্দোনেশিয়ার মেরডি সিহোমবিংকে। প্রথমদিনে জমকালো আলোকসজ্জায় রকমারি ডিজাইনের ও ভালো মানের কিছু ডিজাইন দেখা যায় বরাবরের মতোই। বর্তমানে পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে পৃথিবী। তাই বাংলাদেশ ফ্যাশন উইকে যেসব পোশাক দেখানো হয়েছে, সেগুলোতে জোর দেওয়া হয়েছে আবহাওয়া ও পরিবেশ উপযোগী কাপড়ের দিকে। আর নকশা হিসেবে দেশজ উপাদান ব্যবহার করেছেন ডিজাইনাররা। যেমন মাহিন খান গৌড় ও এই অঞ্চলের ইসলামি নানা অলংকরণ থেকে বাছাই করছেন মোটিফ। বাংলাদেশ ফ্যাশন উইক-২০১৯-এর সমাপ্তির মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কিছু ভালো ডিজাইন। বিশ্ব অঙ্গনে প্রদর্শিত হয়েছে আমাদের ডিজাইন ও ফ্যাশন প্রোডাক্টের বৈচিত্র্য। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ডিজাইন ও ফ্যাশন প্রোডাক্ট বিষয়ে আমরা জানতে পেরেছি।