জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের কারখানায় এক শ্রমিককে হত্যা করেছে। বুধবার এমন তথ্যই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভক্সওয়াগনের মুখপাত্র হেইকো হিলউইং বলেছেন, সোমবার ফ্রাঙ্কফুটের ১০০ কিলোমিটার উত্তরে বাউনাতালের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেছেন, ২২ বছর বয়সী ঐ শ্রমিক স্টেশনারি রোবট সেট একটি দলের সঙ্গে কাজ করছিলেন। ঐ রোবটটি হঠাত্ তাকে জাপটে ধরে ও একটি ধাতব পাতের সঙ্গে পিষে ফেলে।
হিলউইগ বলেন, প্রাথমিক অবস্থায় রোবটের সমস্যার চেয়ে এই ঘটনাটি মানুষের ভুলের কারণে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। রোবটটি গাড়ির অ্যাসেম্বল প্রক্রিয়ায় বিভিন্ন কাজ করে। আর এগুলো আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। ঐ রোবটটি ঐ প্ল্যান্টের নির্দিষ্ট সীমানার মধ্যে যন্ত্রপাতি তুলে বিভিন্ন আকৃতি দিতে কাজ করে।
ঐ মুখপাত্র জানান, এই ঘটনার সময় আরেকজন কর্মী থাকলেও তার কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়ে তিনি আরো কোনো তথ্য দেননি।
জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীরা এই ঘটনায় মামলা করা যায় কিনা ভাবছেন। কিন্তু মামলা করলে কার বিরুদ্ধে অভিযোগপত্র দেবেন? সূত্র: এনডিটিভি।
