নায়ক রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ০২ জুলাই ২০১৫, ১৭:৫১
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি এখন সবাইকে চিনতে পারছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কথা বলছেন না। তবে হাত ও মুখ নেড়ে কথার ভাষা বোঝানোর চেষ্টা করছেন।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন নায়ক রাজ্জাককে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি রাজ্জাকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। রাজ্জাকের সাথে হাতের ইশারায় কথাও বলেন মন্ত্রী।
 
হাসপাতাল ত্যাগ করার আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে রাজ্জাক শিগগিরই আরোগ্য লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নায়ক রাজ্জাককে দেখতে এসেছি। রাজ্জাক তাকে চিনতে পেরেছেন। কথা বলার চেষ্টাও করেছেন। তিনি রাজ্জাকের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
 
এদিকে দুপুর দুইটার পর রাজ্জাকের লাইফ সার্পোট সরিয়ে নেয়া হয়। এখন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
 
রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানান, বাবা এখন স্বাভাবিক আছেন। মাস্ক খুলে দেয়ার পরে বাবা সবার কথা জিজ্ঞেস করছেন। আরো কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে।
 
প্রসঙ্গত, গত ২৬ জুন শুক্রবার রাত আটটার দিকে রাজ্জাককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ৭৩ বছর বয়সি রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন।