জেলার কাপ্তাইয়ের জীবতলীর একটি পর্যটন স্পটের পাহাড় থেকে পড়ে গিয়ে দুইটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, বুধবার জীবতলী পাহাড়ের নীচে দুটি হাতি মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দেয়।
খবর পেয়ে কাপ্তাই পাল্ডউড বাগান বিভাগীয় প্রধান অ ন ম আবদুল ওয়াদুদ, দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক সামশুল মুহিত চেীধুরী ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহজাহান ও শফিকুল আলম ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতি দুটির মৃতদেহ দেখতে পায়।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সালাউদ্দিন ও অ ন ম আবদুল ওয়াদুদ(ডিএফও) সহ বিভিন্ন বন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যায়।
বন বিভাগ মৃত হাতি দুটির বিভিন্ন আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রামে ল্যাবটরিতে পাঠিয়েছে। এ রিপোর্ট পাওয়ার পর হাতির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে বিভাগীয় বন কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান।
এদিকে স্থানীয় অভিজ্ঞ মাহুতের ধারণা, হাতি দুটি ১০/১২ দিন আগে মারা গেছে।
বন বিভাগের কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‘ময়না তদন্ত শেষে হাতি দুটিকে ঘটনাস্থলে মাটি চাপা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ‘
উল্লেখ্য, পার্বত্যঞ্চলের বন্যপ্রাণী বিভিন্ন শিকারির ফাঁদসহ নানা কারণে একে একে শুন্য হতে চলছে। ৪/৫ মাস আগে আরো একটি হাতি শিকারিদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
