সাংবাদিক মুকুলের কথিত প্রেমিকা কারাগারে

আপডেট : ০২ জুলাই ২০১৫, ২০:৫২
 
 
স্ত্রী নির্যাতনের মামলায় কারাবন্দি সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের কথিত প্রেমিকাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মুকুলের স্ত্রী নাজনীন আকতার তন্বীর করা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তার প্রেমিকা। তার বিরুদ্ধে নির্যাতনে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
 
জামিনের জন্য তার স্বামী  বা মামলার বাদীর জামিনদার হওয়ার শর্ত দেন বিচারক। পরে তার স্বামী আদালতে উপস্থিত হলে বেলা ৩টায়  দুইজনের উপস্থিতিতে শুনানি নেন ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে।
 
এসময় স্বামী তার স্ত্রীর জামিনদার হতে অস্বীকৃতি জানান। নিজেদের মধ্যে কথা বলার জন্য দুজনকে কিছুটা সময় দেন বিচারক। কিন্তু তার স্বামী রাজি না হওয়ায় বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মশিউর রহমান জানান।
 
স্ত্রী নির্যাতনের মামলায় গত ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে গাজী টিভির বার্তা সম্পাদক মুকুলকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ডে পাঠায় আদালত। বর্তমানে কারাবন্দি মুকুলকে এরইমধ্যে চাকরিচ্যুত করেছে গাজী টিভি।
মুকুলের স্ত্রী নাজনীন আকতার তন্বী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক। এই দম্পতির এক সন্তান রয়েছে।