কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন, র্যাব ও মত্স্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জিনজিরা বাজারের তাওয়াপট্রি এলাকায় ৪টি দোকানে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জালসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে শহিদ এন্টারপ্রাইজের মালিক মোঃ আবুল হোসেন হাতেম, শাহাদাত্ এন্টারপ্রাইজের মালিক মোঃ কবির হোসেন, রাব্বি নেটিং জাল ঘরের মালিক মোঃ মুসা এবং শরিয়তপুর এন্টারপ্রাইজের মালিক মোঃ সাইফুল ইসলাম। এদের প্রত্যেককে তিন মাসের জেল প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) শামীম বানু শান্তি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-১০ এর এএসপি মোঃ সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা মত্স অফিসার মোঃ নাজিম উদ্দিন ও কেরানীগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্ত সৈয়দ মোঃ আলমগীর হোসেন।
এই অভিযানের ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি বলেন, দীর্ঘদিন ধরে জিনজিরা বাজারে কিছু অসাধু জাল ব্যবসায়ী কারেন্ট জালের অবৈধ ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহিদ এন্টারপ্রাইজ, রাব্বি এন্টারপ্রাইজ ও শরিয়তপুর এন্টারপ্রাইজসহ ৪টি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
