চান্দিনায় নারীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১১:৪৫
কুমিল্লার চান্দিনায় খতেজা বেগম (৪৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। 
 
শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বরকরই ইউনিয়নের বরকরই দাখিল মাদ্রাসা মাঠে ওই নারীর মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
 
নিহত খতেজা বেগম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর পাড়াগাঁও গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। তিনি ২ ছেলে ৩ মেয়ের জননী। 
 
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম জানান, সকাল ৭টায় স্থানীয় লোকজন ওই মাদ্রাসা মাঠে অচেতন অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে আমাকে অবহিত করে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মাথায় আঘাত প্রাপ্ত ওই নারীকে জীবিত দেখে থানায় খবর দেই। থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামীর নিদের্শে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটায় মরদেহ পুণরায় মাদ্রাসা মাঠে নিয়ে আসি।
 
এদিকে ঘটনার পরপর তার স্বামী বিল্লাল হোসেন ঘটনাস্থলে পৌঁছলে তার কথা সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখে।
 
এ ব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছি। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করছি। পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের তথ্যমতে ধারণা করা হচ্ছে নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। তবে বিস্তারিত পরে জানা যাবে।