ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ৭৪ জন বাংলাদেশি নারী। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের সাজা হয়। তাদেরকে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়েছিল।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক আসলাম খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ৭৪ জনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ‘রাইটস’ ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জনিয়েছে, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে তাদের পাচার করা হয়েছিল। পরে কাজ খুঁজতে গিয়ে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে ধরা পড়েন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির আদালত তাদের দুই থেকে পাঁচ বছর কারাদণ্ড দেয়।
সাজা শেষে তাদের ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে মুম্বাইভিত্তিক একটি বেসরকারি সংস্থার হেফাজতে রাখা হয়।
৭৪ জনের মধ্যে ৩১ জনকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর কর্তৃপক্ষের কাছে এবং বাকিদের ‘রাইটস’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদেরকে বাড়ি ফেরানোসহ পরবর্তী ব্যবস্থা এ দুই সংস্থা দুটি পালন করবে।
‘রাইটস’ এর তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ৭৪ জনের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, বাগেরহাট, বরিশাল, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়।
