ফরিদপুরে অপহৃত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ক্যাশিয়ার মো. মোস্তাফিজুর রহমানকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় অপহরণকারী চার ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকেও আটক করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুনীল কুমার কর্মকার সাংবাদিকদের এই তথ্য জানান।
আটককৃতরা হলেন- শের আলী (৩৫), মো. শাহীন শেখ (৩২), মো. রাব্বি (২৩) ও মো. আল-আমীন (১৮)। আটককৃতরা সকলেই ফরিদপুর পৌরসভার লক্ষীপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতরা বৃহস্পতিবার বিকালে মো. মোস্তাফিজুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী শের আলীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তার স্বিকারোক্তি অনুযায়ী অন্যদেরও আটক করা হয়।
