সিরাজদিখানে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১৬:৫৪
জেলার সিরাজদিখান উপজেলায় চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে শাহীন দেওয়ান (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শাহীন লতব্দী ইউনিয়নের কংশাপুরা গ্রামের শাজাহান দেওয়ানের ছেলে এবং ঘাতক সিরাজুল একই বাড়ির জহির উদ্দিনের ছেলে।
 
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ওই বাড়ির ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত আটটার দিকে শাহীন ও চাচাতো ভাই সিরাজুলের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় ও একপর্যায়ে উভয়েই সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শাহীন দেওয়ানের বুকে সিরাজুল (২৮) ছুকিাঘাত করে। গুরুতর আহত শাহীনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।