বিএনপি নেতা মওদুদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১০ মার্চ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:৫৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেছে আদালত।

আজ সোমবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ দিন ধার্য করেন। মওদুদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন এবি ব্যাংকের ইসলামপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম খানকে জেরা করেন মওদুদের আইনজীবী। তার জেরা শেষ না হওয়ায় আগামী ১০ মার্চ জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত। এর আগে ২৪ ফেব্রুয়ারি সাইফুল ইসলাম আদালতে সাক্ষ্য দেয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৩ জুলাই ব্যারিস্টার মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ এবং তার উৎস জানাতে নোটিশ দেয় দুদক। সেই সময় অন্য মামলায় কারাগারে থাকাবস্থায় একই বছরের ২৩ জুলাই সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ। ওই হিসাব বিবরণী পর্যালোচনা করে দুদক অনুসন্ধান করে। ওই অনুসন্ধানে দুদক জানতে পারে মওদুদ আহমদ ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করাসহ চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ডাকলেই চলে আসবেন ডা. দেবী শেঠী

পরে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে মামলা করেন।

২০০৮ সালের ১৪ মে মওদুদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

ইত্তেফাক/কেকে