ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে পড়ে নিহত ১

আপডেট : ০৪ জুলাই ২০১৫, ১১:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন।  নিহত মনজুর (৩৩) নির্মাণ শ্রমিক ছিলেন। 
 
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- আজমত আলী (৩২), আবদুল হালিম (২৯), জাকির হোসেন (২০), ইসরাফিল (২৫), আবুল কালাম (৩৫), কামাল হোসেন (৩৫), সুজন (১৯) ও আশরাফুল (৩৩)।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে ট্রাকে করে একটি কন্সট্রাকশন ফার্মের মালামাল নিয়ে সিলেটের জগন্নাথপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে কুট্টাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি মালবাহী ট্রাককে ওভারট্যাক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটিতে থাকা নয়জন নির্মাণ শ্রমিক আহত হন। 
 
তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।
 
হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।