মাগুরার শ্রীপুর উপজেলা সদরে শুক্রবার গভীর রাতে বিষাক্ত সাপের কামড়ে রিজিয়া (৭ ) নামে এক শিশু কন্যা নিহত হয়।
নিহতের পিতা বদন বিশ্বাস জানান, রাতের খাবার খেয়ে তার শিশু কন্যা রিজিয়াকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়েন । শুক্রবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে তার কন্যা গা চুলকানোর কথা বলে জেগে ওঠে। শিশুটি জেগে ওঠার সাথে সাথেই তার স্ত্রীসহ তিনিও জেগে ওঠেন এবং ঘরের আলো জ্বেলে দেখতে পান যে তার শিশু কন্যার হাতের পাশে একটি বিষাক্ত সাপ অবস্থান করছে। এর কিছুক্ষণ পরপরই শিশুটি অস্বস্তি বোধ করতে থাকে । এমন অবস্থায় প্রাথমিক পর্যায়ে তাকে হোগলডাঙ্গার গ্রামের এক কবিরাজ মহিলা ওঝার নিকট নিয়ে যাওয়া হয়। কিন্তু ওইরাতে কবিরাজ ওঝা তার বাড়িতে না থাকায় দংশিত শিশুটিকে নিয়ে হতাশ হয়ে আবার নিজ বাড়ির দিকে ফিরে আসতে হয় পরিবারের লোকজনদের। কিন্তু পথিমধ্যে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে । একপর্যায়ে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ সংবাদ শুনে নিহত শিশুটির চাচাত বোন সপ্তম শ্রেণির ছাত্রী তালেব বিশ্বাসের কন্যা মুন্নি খাতুন (১৪) তাকে দেখতে এসে সেও পথিমধ্যে সর্পদংশনের শিকার হয়ে আহত অবস্থায় চিকিৎসারত রয়েছে।
