রিডযুক্ত শুষির বাদ্যযন্ত্র। দুই রিড যুক্ত কাঠের তৈরি বংশী শ্রেণির লোকফুত্কার বাদ্যযন্ত্র সানাই। এর মূল দেহ কাঠের নল। সানাইয়ের একপ্রান্তে দুটি রিডের একটি সেট থাকে। এর রিড দুটি মূল সানাইয়ের দেহকাণ্ডের যে প্রান্তে থাকে, সেখানে ফুঁ দিয়ে শব্দ তৈরি করা হয়। এর প্রায় দেড় ফুট লম্বা কাঠের নলের ভিতর দিয়ে রিডের শব্দ প্রবাহিত হয়। এই নলের গায়ে সাতটি স্বর তোলার উপযোগী ফুটো থাকে। ওপরের দিক চিকন নিচের দিক ক্রমশ চওড়া, দেখতে অনেকটা ধুতুরা ফুলের মতো। রাগসংগীতযন্ত্র হিসাবে অত্যন্ত জনপ্রিয়।
সানাইকে রাগসংগীত উপস্থাপনের উপযোগী বাদ্যযন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। এটি পাশ্চত্যের বাদ্যযন্ত্র। ভারতবর্ষে এই যন্ত্রটি ব্যবহার হতে শুরু করে মুসলমান শাসনামলে। উত্সবমুখর পরিবেশে সানাই বাজানো শুরু হয়েছিল রাজদরবারের নহবতখানায়। এক সময় যন্ত্রটি লোকগানের সঙ্গে এবং পরবর্তীকালে বিভিন্ন সামাজিক উত্সবে বাদিত হতো। বিয়েবাড়িতে অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে সানাই একটানা কয়েকদিন ধরে বাজত। সানাইয়ের করুণ সুর ক্ষণিকেই মানুষের আবেগকে জাগিয়ে তোলে মায়াবী দোলায়। একক বাদনে সানাইয়ের সহযোগী হিসেবে অন্য একটি সানাই থাকে। সহকারী সানাই মূল সানাইয়ের সুরকে অবিচ্ছিন্ন রাখার জন্য টানা বাজতে থাকে। মূল সানাই বাদক তাঁর যাবতীয় বাদনশৈলী উপস্থাপন করেন। বিয়েবাড়িতে সানাইয়ের সুর ইদানীং তেমন একটা শুনতে পাওয়া যায় না।
