গাইবান্ধায় চালককে জবাই করে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে পুলিশ ওই অটোরিক্সা চালক রফিকুল ইসলাম (৩০) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে।
নিহত রফিকুল ইসলাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামের ছয়েস উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শুক্রবার রাত ১০ টার দিকে গাইবান্ধা শহরের ডাকবাংলা এলাকার অটোরিক্সা স্ট্যান্ড থেকে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত ভাড়া করে মাঠেরহাট এলাকায় নিয়ে যায়। এরপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরে রাত দেড় টার দিকে ওই এলাকায় গলাকাটা লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায়।
এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
